উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ বিলম্বিত হলেও তাৎপর্যপূর্ণ: ইফতেখারুজ্জামান
- আপডেট সময় : ০২:৩১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১০৩ বার পড়া হয়েছে
অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ প্রসঙ্গে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, বিলম্ব হলেও এটি প্রকাশ করা হয়েছে, এটাই তাৎপর্যপূর্ণ। মঙ্গলবার প্রথম আলোকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। ওই বছরের ২৫ আগস্ট জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা সব উপদেষ্টাকে দ্রুত সম্পদের বিবরণী প্রকাশের নির্দেশ দিয়েছিলেন। দীর্ঘদিন তা প্রকাশ না করায় সম্প্রতি বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
এর পরিপ্রেক্ষিতে গত সোমবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়েছিলেন, দু-এক দিনের মধ্যেই তথ্যগুলো প্রকাশ করা হবে। মঙ্গলবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ২১ সদস্যের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়।
এ বিষয়ে ইফতেখারুজ্জামান বলেন, ‘সমালোচনার মুখে শেষবেলার জন্য ফেলে না রেখে যদি জাতির উদ্দেশে দেওয়া ভাষণের অঙ্গীকার অনুযায়ী যথাসময়ে স্বপ্রণোদিতভাবে প্রকাশ করা হতো, তবে তা প্রশংসিত হতো।’ টিআইবি নির্বাহী পরিচালক আরও বলেন, ‘যথাসময়ে সম্পদ বিবরণী প্রকাশ করা হলে ভবিষ্যতের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত সৃষ্টি হতো। তবে সেই সুযোগ আর থাকল না।’
ভবিষ্যৎ সরকারের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন-পরবর্তী সরকার জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গের পথ পরিহার করে মন্ত্রিসভা, ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য এবং সব সরকারি কর্মচারীর সম্পদ বিবরণী শুরুতেই স্বেচ্ছায় প্রকাশ করবে এবং প্রতিবছর তা হালনাগাদ করবে দেশবাসী এটাই প্রত্যাশা করে। যেন তারা এমন দাবি করতে পারে যে অন্তর্বর্তী সরকার যা পারেনি, আমরা তা করেছি।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































