ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে উসকানিমূলক ও ভারতবিরোধী মন্তব্যের অভিযোগে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২ জুন কলকাতার রাসমণি রোডে অনুষ্ঠিত এক জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে সংঘটিত একটি হত্যাকাণ্ড প্রসঙ্গে বক্তব্য দেন। তিনি দাবি করেন, বাংলাদেশের এক ‘বড় খুনি’ মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করার পর রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) তাকে গ্রেপ্তার করেছিল। একই সঙ্গে তিনি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকাসংক্রান্ত একটি ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন।
আইনজীবী রিঙ্কি সিং চট্টোপাধ্যায়ের অভিযোগ, মমতার এই বক্তব্য ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং দেশের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে।
তার দাবি, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে প্রশাসন বা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া কথোপকথনকে রাজনৈতিকভাবে ব্যবহার করে তিনি ‘মৌলবাদীদের উসকে’ দিয়েছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।
অভিযোগের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
