ঢাকা টাঙ্গাইল মহাসড়কের উত্তরবঙ্গের ২২ জেলায় যাতায়াতের কেন্দ্রস্থল চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে সন্ধ্যার পর প্রায় তিন কিলোমিটার সড়কজুড়ে ধীরগতিতে যান চলাচল করছে।
চন্দ্রা থেকে আশুলিয়ার জিরানী ও চন্দ্রা থেকে গাজীপুরের কোনাবাড়ী পর্যন্ত ধীরগতিতে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
তবে চন্দ্রা এলাকায় লোকাল লেনে রয়েছে উত্তরবঙ্গগামী যানবাহনের দীর্ঘ লাইন। এখনো রয়েছে যাত্রী সংকট।
সন্ধ্যার পর থেকেঈ যাত্রীদের চাপ কিছুটা বৃদ্ধি পেলেও আগামীকাল থেকে গাজীপুরের শিল্প কারখানাগুলো ছুটি হলেই সকাল থেকেই যাত্রীদের চাপ বাড়বে বলে ধারণা করা যাচ্ছে। স্থানীয়রা বলছেন, মহাসড়কের চন্দ্রা এলাকায় আগামীকাল থেকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হতে পারে।
নাওজোর হাইওয়ে পুলিশের ওসি শওগাত উল আলম জানান, সন্ধ্যায় পর থেকেই চন্দ্রায় যাত্রীদের চাপ কিছুটা বেড়েছে যা আগামীকাল আরো দ্বিগুণ হতে পারে। যেহেতু আগামীকাল সব শিল্পকারখানা ছুটি হবে সেজন্য মহাসড়কে যানজট হতে পারে।
তিনি আরও বলেন, মহাসড়কে যানজট নিরসনে ও নিরাপত্তা জোরদারে পুলিশ সদস্যরা নিয়োজিত থাকবে।
