সশস্ত্র বাহিনীর সাবেক কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিডিআরের নাম ও ইউনিফর্ম পুনর্বহাল করা হবে। এর পাশাপাশি পিলখানায় সেনা হত্যাকাণ্ডের দিনটিকে ‘শহীদ সেনা দিবস’ অথবা ‘সেনা হত্যাযজ্ঞ দিবস’ অথবা ‘জাতীয় শোক দিবস’ হিসেবে ঘোষণা করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।
শনিবার রাতে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে সশস্ত্র বাহিনীর সাবেক সদস্য ও পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেন তারেক রহমান। অনুষ্ঠানে মঞ্চের ব্যানারে লেখা ছিল ‘স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুদৃঢ় আস্থা’।
বিএনপির আয়োজনে এই অনুষ্ঠানে তারেক রহমান তাঁর পরিবারের সঙ্গে সেনাবাহিনীর নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘সেনানিবাসেই আমার এবং আমার পরিবারের বেড়ে ওঠা। আমার অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছি আমরা। বড় হয়ে দেখেছি সেনাবাহিনীর প্রতি আমার মা খালেদা জিয়ারও একধরনের নির্ভরতা ছিল, তাঁর সম্মান ছিল।’
তারেক রহমান আরও বলেন, শহীদ জিয়াউর রহমান একজন সেনা কর্মকর্তা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়ে সেনাবাহিনীকে গর্বিত করেছেন।
সেনাবাহিনীকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ‘নির্ভরযোগ্য প্রহরী’ হিসেবে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, সেনাবাহিনীকে ভিন্ন কাজে সংযুক্ত করা হলে সেনাবাহিনীর মূল উদ্দেশ্য ব্যাহত হয় বলে তিনি মনে করেন। তিনি প্রতিশ্রুতি দেন, বিএনপি সরকার গঠন করলে সেনাবাহিনীকে কোনোভাবেই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না।
