মূল অংশে যান
ছবি : সংগৃহীত

তফসিলের পর থেকে সেনাবাহিনীর অভিযানে ১৭৯ অস্ত্র উদ্ধার, আটক ১৭৭৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে এ পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নকারী কর্মকাণ্ডে জড়িত ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দিন অর্থাৎ ১১ ডিসেম্বর থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময়ে অভিযান চালিয়ে ১৭৯টি বিভিন্ন ধরনের অস্ত্র ও ১ হাজার ৯৪১ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া ১ হাজার ৭৭৪ জনকে আটক করা হয়েছে।

এর আগে গত ৩০ জানুয়ারি আইএসপিআর জানায়, গত ২৩-২৯ জানুয়ারি পর্যন্ত মাত্র এক সপ্তাহে পরিচালিত যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৫০৪ জন সন্দেহভাজন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ৪৮টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৭৫ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৯৫টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

মতামত দিন