মূল অংশে যান

সরকারি জমি দখলকারীদের ছাড় না দিতে ঢাকার ডিসিকে নির্দেশ প্রধানমন্ত্রীর

দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা সরকারি খাসজমি যেকোনো মূল্যে উদ্ধার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে এসব জমি দ্রুততম সময়ের মধ্যে সরকারের পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে আসার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন।

মঙ্গলবার (১৯ মে) রাজধানীর তেজগাঁওয়ে ‘ভূমি সেবা মেলা-২০২৬’ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শনের সময় ঢাকার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানমকে এ নির্দেশনা দেন সরকারপ্রধান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি খাসজমি উদ্ধারে ঢাকা জেলা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের আপস না করার কঠোর বার্তা দিয়েছেন তিনি।

সম্প্রতি রাজধানীর লালবাগ এলাকায় সরকারের প্রায় এক একর খাসজমি অবৈধ দখলদারদের কবল থেকে সফলভাবে পুনরুদ্ধার করায় ডিসি ফরিদা খানমের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসন সূত্র বলছে, ওই অভিযানের দৃঢ়তা, প্রশাসনিক সাহসিকতা ও দ্রুত বাস্তবায়ন নিয়ে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন—প্রভাবশালী কিংবা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা সরকারি জমি দখল করে আছেন, তাদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। সরকারি জমি উদ্ধারে চলমান অভিযান আরো জোরদারেরও নির্দেশনা দেন তিনি।

এ ছাড়া জেলা প্রশাসনের সেবা সহজীকরণে ‘হ্যালো ডিসি’ নামের একটি জরুরি সেবা চালুর কথা প্রধানমন্ত্রীকে জানান জেলা প্রশাসক।

নাগরিক সেবা সহজ করতে এমন উদ্যোগ নেওয়ার জন্য ঢাকার ডিসিকে ধন্যবাদ জানান এবং তার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

 

মতামত দিন