রপ্তানিকারকদের এক লাখ ডলার পর্যন্ত পণ্য রপ্তানির জন্য পরিবহন বা শিপিং ডকুমেন্ট সরাসরি বিদেশি ক্রেতার কাছে পাঠানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।
সার্কুলারে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেনে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো রপ্তানিকারকদের বিদেশি আমদানিকারক বা অন্য অনুমোদিত পক্ষের নামে শিপিং ডকুমেন্ট প্রস্তুত করে পাঠাতে পারবে। নতুন ব্যবস্থায় রপ্তানিকারকরা এ ডকুমেন্ট সরাসরি আমদানিকারক বা তাদের মনোনীত পক্ষের কাছে পাঠাতে পারবে। একই সঙ্গে রপ্তানি আয় সময়মতো দেশে প্রত্যাবাসনের বিষয়ে সুরক্ষামূলক ব্যবস্থা রাখা হয়েছে এই নির্দেশনায়।
সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে যে সংশ্লিষ্ট শিপমেন্টের জন্য যথাযথ রপ্তানি আদেশ রয়েছে। একই সঙ্গে বিদেশি ক্রেতার যথার্থতা যাচাই করতে হবে।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, রপ্তানিকারকদের আন্তর্জাতিক ক্রেতাদের চাহিদা পূরণে সাহায্য করার জন্য এ সুযোগ দেওয়া হয়েছে। অনেক বিদেশি আমদানিকারক শিপিং ডকুমেন্ট নিজের নামে ইস্যু করাতে চান, যাতে দ্রুত পণ্য ছাড় করা যায়। এ সিদ্ধান্ত রপ্তানিকারকদের প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে ব্যবসা আরও সহজভাবে পরিচালনা করতে সাহায্য করবে। রপ্তানিকারকদের প্রায়ই ক্রেতাদের শর্ত মানতে হয়। নতুন সুবিধা রপ্তানিকে আরও নমনীয়তা দেবে, সঙ্গে রপ্তানি আয় সময়মতো দেশে ফেরত আসার সুরক্ষাও নিশ্চিত করবে।
