স্থানীয় সরকারের সব স্তরে দ্রুত নির্বাচন চায় জামায়াতে ইসলামী। সিটি করপোরেশন এবং জেলা পরিষদে বিএনপি নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগের প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। তাদের ভাষ্য, সরকার মেধার পরিবর্তে কোটার পক্ষ নিয়েছে; যা জুলাই গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি।
মঙ্গলবার রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাহিদুর রহমান।
সম্প্রতি ১১টি সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব দিয়ে এবং ৪২টি জেলা পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সাত বিশ্ববিদ্যালয়ে বিএনপি নেতা এবং দলটির সমর্থক শিক্ষকদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আবদুল হালিম বলেন, স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে উপেক্ষা করেছে সরকার। জনগণের প্রত্যাশা স্থানীয় সরকার নির্বাচন স্বাভাবিক নিয়মে অনুষ্ঠিত হবে। এসব নিয়োগে দলীয় বিবেচনার প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় নির্বাচনের পরাজিত প্রার্থী ও বিএনপির মনোনয়নবঞ্চিত নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা জনমতের প্রতিফলন নয়।
নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগকে জুলাই চেতনার পরিপন্থি আখ্যা দিয়ে আবদুল হালিম বলেন, সরকার গণতান্ত্রিক চেতনাকে ব্যাহত করেছে। দীর্ঘদিনের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রামের মূল লক্ষ্য ছিল জনমতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। প্রশাসক নিয়োগ এর পরিপন্থি। এর ফলে স্থানীয় সরকার ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্থানীয় নির্বাচনে দলীয় সুবিধা নেওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে, যা গ্রহণযোগ্য নয়।
নির্বাচন দাবি করে আবদুল হালিম বলেন, স্থানীয় সরকার ব্যবস্থা সচল রাখতে জনগণের ভোটের প্রতিনিধিদের নির্বাচিত হওয়া জরুরি।
সরকারি দল সংশ্লিষ্টদের উপাচার্য হিসেবে নিয়োগের সমালোচনা করে সংবাদ সম্মেলনে বলা হয়, জাতীয় নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীকে উপাচার্য নিয়োগ করা হয়েছে। যা মেধা নয়, কোটাকে ধারণ করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান পদে পরিবর্তনও উদ্বেগজনক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তনের প্রসঙ্গে আবদুল হালিম বলেন, এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন ছিল। কিন্তু সরকার একজন ব্যবসায়ীকে নিয়োগ দিয়ে অতীতের নিয়মকে পদদলিত করেছে।
