মূল অংশে যান
সংগৃহীত ছবি

চিরনিদ্রায় শায়িত ৯ যুবক

চিরনিদ্রায় শায়িত হয়েছেন সড়ক দুর্ঘটনায় নিহত নওগাঁর মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের ৯ যুবক। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রাজেন্দ্রবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন মাঠে একসঙ্গে ৬ যুবকের জানাজা অনুষ্ঠিত হয়।

পরে গ্রামের সরকারি কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে গতকাল সোমবার রাত ১১টার দিকে পৃথক জানাজা শেষে আরো তিনজনকে দাফন করা হয়।

এদিকে নিহত যুবকদের শেষ বিদায় জানাতে বৈরী আবহাওয়া উপেক্ষা করে মানুষের ঢল নামে রাজেন্দ্রবাটি গ্রামে। এখনো এলাকাজুড়ে চলছে মাতম।

স্বজনদের কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস।

জানাজায় উপস্থিত হয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, নওগাঁ জেলা প্রশাসক সাইফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম, মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা বিএনপির সভাপতি এম এ মতিন, সহসভাপতি মকলেছুর রহমান মকে, নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার আব্দুর রাকিব, ইউপি চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল ও মোস্তাফিজুর রহমান সুমনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ।

মতামত দিন