মূল অংশে যান

গুলশানে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ

রাজধানীর গুলশানে এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী
লুমিনাস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন (৪৬) সোমবার (৩০ মার্চ) গুলশান মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গুলশান-১ এর সাউথ এভিনিউ এলাকায় অবস্থিত লুমিনাস গ্রুপের প্রধান কার্যালয়ে গত কয়েক মাস ধরে একটি চক্র সংঘবদ্ধভাবে প্রবেশ করে চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা বাদীকে ভয়ভীতি প্রদর্শন করে এবং মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

লিখিত অভিযোগে উল্লেখ করেন, সর্বশেষ গত ২৯ মার্চ রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে মাইনুল হাসান নামে এক ব্যক্তি একটি মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়। একই সঙ্গে তার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করারও অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।এ ঘটনায় মাইনুল হাসান ও আলাউদ্দিন ভূইয়াসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে বিবাদী করা হয়েছে।

ভুক্তভোগী জানান, অভিযুক্তদের এমন কর্মকাণ্ডে তিনি ও তার প্রতিষ্ঠানের কর্মচারীরা আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি তার ব্যক্তিগত ও পেশাগত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলেও তিনি উল্লেখ করেন।এ ব্যাপারে গুলশান মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন