মূল অংশে যান

আরও পাঁচ সিটিতে প্রশাসক নিয়োগ, সবাই বিএনপি নেতা

বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লা সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তারা পাঁচজনই বিএনপির নেতা। আজ রোববার তারা দায়িত্ব নেবেন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এ নিয়ে দেশের ১১ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিল সরকার। তবে চট্টগ্রাম সিটি করপোরেশনে আদালতের আদেশে বিএনপি নেতা শাহাদাত হোসেন মেয়রের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের নির্বাচন পর্যন্ত প্রশাসকরা দায়িত্ব পালন করবেন। নির্বাচনের পর তারা মেয়রের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

এদিকে, পাঁচ সিটির নতুন পাঁচ প্রশাসক গতকাল দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী। তিনি রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগ পাওয়া প্রশাসকরা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫ক-এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি অনুযায়ী ভাতা পাবেন। ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক বসানো হয়।

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার বিএনপি নেতাদের দায়িত্ব দেয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক পদে বসানো হয়।

মতামত দিন