শাহ আমানতে এ পর্যন্ত বাতিল ১০৫ আন্তর্জাতিক ফ্লাইট
- আপডেট সময় : ০২:০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৯৯ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্থবিরতা কাটছে না আকাশপথে। এর প্রভাবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বৃহস্পতিবারও (১২ মার্চ) ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। সবমিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত এই বিমানবন্দরে মোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হওয়ার খবর পাওয়া গেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার যুদ্ধাবস্থার কারণে আরব আমিরাতের দুবাই, আবুধাবি ও শারজাহ এয়ারফিল্ডে সীমিত পরিসরে কার্যক্রম চলছে।
তবে কাতারের দোহা এয়ারফিল্ড পুরোপুরি বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে চট্টগ্রামের ফ্লাইটে।
আজ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল এবং ১টি ডিপার্চার ফ্লাইট; ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি অ্যারাইভাল ও ১টি ডিপার্চার ফ্লাইট।
পুরো পরিস্থিতি এখনো স্বাভাবিক না হলেও কিছু রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে।
আজ সারাদিনে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে ৪টি অ্যারাইভাল এবং ৬টি ডিপার্চার ফ্লাইট সচল ছিল।
বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ ও দুবাই রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এ ছাড়া জেদ্দা, মদিনা ও মাস্কাট রুটের ফ্লাইট চলাচল এখন পুরোপুরি স্বাভাবিক।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এই বিমানবন্দর থেকে সর্বমোট ১০৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে।
পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।













































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































