রাজধানীতে সড়কে জমে থাকা পানিতে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৭:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
রাজধানীর কদমতলীর জুরাইনে সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে হেঁটে যাওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার হোসেন (৫৫) নামের এক বই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জুরাইন ঋষিপাড়া মেইন রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন যাত্রাবাড়ীর শহীদ ফারুক সরণি রোডে পরিবার নিয়ে থাকতেন। তার বাবার নাম শাহজাহান মিয়া।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ দুপুরে জুরাইন ঋষিপাড়ায় শ্যালকের বাসায় কোরবানির গরু কিনে দিয়ে বের হয়েছিলেন আনোয়ার হোসেন। ঋষিপাড়া মেইন রোড দিয়ে হেঁটে যাওয়ার সময় সড়কে জমে থাকা বৃষ্টির পানিতে হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি অচেতন হয়ে পড়েন।
স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের আত্মীয় তৈয়ব আলী বলেন, সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে কিংবা ছেঁড়া তার জমে থাকা পানিতে পড়ে থাকায় এই দুর্ঘটনা ঘটতে পারে বলে তারা ধারণা করছেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































