বিএনপি পুরোপুরি বিজয়ী হতে হবে—এ কথাটি জোর দিয়ে বলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, তারেক রহমান খুব শিগগিরই দেশে ফিরবেন। আর তিনি দেশে ফিরলে যেন পুরো বাংলাদেশ উৎসাহে কেঁপে ওঠে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষায়, ওই দিনটি হবে দেশের রাজনীতির নতুন পরিবর্তনের সূচনা।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিজয়ের মাস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিএনপির বিভাগীয় সাংগঠনিক ইউনিটগুলোর হাজারের বেশি নেতা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, বিএনপির সামনে অনেক বাধা-বিপত্তি আসবে এবং প্রচারণা তো চলছেই, তা আরও চলবে। কিন্তু সব প্রতিকূলতা অতিক্রম করে দলকে মাথা উঁচু করে এগিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, বিএনপি কখনো পরাজিত হয়নি, ভবিষ্যতেও হবে না—কারণ এটি জনগণের দল, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দল। দলের শক্তি হলো ইস্পাতের মতো ঐক্য ও জাতীয়তাবাদী আদর্শ, আর সেখান থেকেই আসবে প্রকৃত সাফল্য।














































































































































































































































































































































































































































































































































































































































































































































