মূল অংশে যান
সংগৃহীত ছবি

৪৩ মাসের মধ্যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) থেকে বাজেট সহায়তার ১০০ কোটি ডলার ঋণ পেয়েছে বাংলাদেশ। এতে বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ বেড়ে রবিবার ৩৫ দশমিক ৬৩ বিলিয়ন ডলার হয়েছে।গত ৪৩ মাসের মধ্যে যা সর্বোচ্চ।সম্প্রতি কয়েকবার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলারের ওপরে উঠলেও তা এ পর্যায়ে উঠেনি। গত বৃহস্পতিবার রিজার্ভ ছিল ৩৪ দশমিক ৫৯ বিলিয়ন ডলার। আওয়ামী লীগ পতনের সময় যা ২৫ দশমিক ৯২ বিলিয়নে নেমেছিল।গ্রস রিজার্ভের পাশাপাশি আইএমএফের হিসাব পদ্ধতি বিপিএম৬ অনুযায়ী–রবিবার রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ দশমিক শুন্য ৭ বিলিয়ন ডলার। এর আগে চলতি বছরের ১৯ জানুয়ারি প্রথমবারের মতো বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের মাইলফলক ছাড়িয়েছিল। ২০২৩ সালের জুন থেকে বিপিএম৬ অনুযায়ী রিজার্ভের হিসাব প্রকাশ করছে কেন্দ্রীয় ব্যাংক। ওই সময় রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। তবে অর্থপাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সেখান থেকে দ্রুত কমতে থাকে। একই সঙ্গে ৮৪ টাকার ডলারের দর বেড়ে ১২০ টাকা ছাড়িয়ে যায়। আওয়ামী লীগ সরকার পতনের সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নামে। আজ প্রথমবারের মতো যা ৩১ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে।

মতামত দিন