দেশব্যাপী সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশ-এর প্রকল্প উপদেষ্টা এবং ‘আধুনিক বাংলাদেশ’-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর মোঃ নিয়ামত আলী এই লক্ষ্যে একটি আনুষ্ঠানিক প্রস্তাবপত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল-এর হাতে তুলে দিয়েছেন।
আজ সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর কার্যালয়ে এই প্রস্তাবপত্র হস্তান্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। প্রস্তাবনা গ্রহণের পর মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই মানবিক ও সামাজিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং জনস্বার্থে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগের ফলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে স্বাস্থ্য সচেতনতা বহুলাংশে বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
