বেতন, ছুটির টাকা, সার্ভিস বেনিফিট ও বিভিন্ন বকেয়া পরিশোধের দাবিতে আবারও রাজপথে নেমেছেন নাসা গার্মেন্টসের শ্রমিকরা।
মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের লাভ রোডসংলগ্ন প্রধান সড়ক দখল করে অবস্থান নিলে মহাখালী-তেজগাঁও করিডোরে যান চলাচল কার্যত অচল হয়ে পড়ে।
দীর্ঘদিনের পাওনা আদায়ে বারবার আশ্বাস মিললেও বাস্তব অগ্রগতি না হওয়ায় এবার সাত দফা দাবি সামনে এনে কঠোর অবস্থান নিয়েছেন শ্রমিকরা। অবরোধকে কেন্দ্র করে মহাখালী-তেজগাঁও এলাকায় তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টার দিকে কয়েকশ শ্রমিক কারখানার সামনে জড়ো হয়ে সড়কে নেমে আসেন। একপর্যায়ে তারা মহাখালী-তেজগাঁও সড়কের একটি বড় অংশ দখল করে বিক্ষোভ শুরু করেন। এতে রাজধানীর অন্যতম ব্যস্ত এই করিডোরে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। আশপাশের সংযোগ সড়কেও চাপ ছড়িয়ে পড়ে এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বকেয়া পাওনা পরিশোধের দাবিতে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছেন। পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
