ভোটে কাকে বেছে নেবেন, ভাবতে বললেন তারেক রহমান
- আপডেট সময় : ১২:৪৯:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
ঢাকা-১৩ আসনে বিএনপির প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে আয়োজিত নির্বাচনী সমাবেশে দলটির চেয়ারম্যান তারেক রহমান। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে।ছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে নেওয়া
দেশ ও জনগণকে নিয়ে বিএনপির নানা পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বললেন, রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা, বিএনপির লক্ষ্য দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া, দেশকে সঠিকভাবে পরিচালনা করা।
তাই ভোট দেওয়ার ক্ষেত্রে সঠিক দলকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান। ভোটারদের উদ্দেশে তিনি বলেছেন, ‘চোখটা বন্ধ করে এক মিনিটের জন্য চিন্তা করে দেখুন, এই মুহূর্তে যতগুলো রাজনৈতিক দল বাংলাদেশে আছে, বিএনপি ছাড়া আর কোনো রাজনৈতিক দল শিক্ষাসংক্রান্ত, যুবকদের কর্মসংস্থানের ব্যাপারে, কৃষক ভাইদের সহযোগিতার ব্যাপারে, মা-বোনদের স্বাবলম্বী করার ব্যাপারে, কোনো ব্যাপারে কোনো পরিকল্পনা দিতে তারা সক্ষম হয়েছে কি না?’
বিএনপি ছাড়া সঠিক পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনা আর কোনো রাজনৈতিক দল বাংলাদেশের জনগণের সামনে উপস্থাপন করতে পারেনি দাবি করে তারেক রহমান বলেন, ‘কারণ একটাই, এই মুহূর্তে বিএনপি একমাত্র দল, একমাত্র রাজনৈতিক দল, যাদের অভিজ্ঞতা আছে দেশ সঠিকভাবে পরিচালনা করার। যাদের অভিজ্ঞতা আছে দেশকে কীভাবে সঠিকভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়। যাদের অভিজ্ঞতা আছে কীভাবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন আগে আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে আয়োজিত সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। ওই এলাকায় (ঢাকা-১৩ আসন) বিএনপির মনোনীত প্রার্থী ববি হাজ্জাজের সমর্থনে এই সমাবেশের আয়োজন করা হয়।
নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করতে পারলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে চান বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, ‘এমন একটি পরিস্থিতি, এমন একটি দেশ তৈরি করতে চান, যেখানে মা-বোনেরা সকাল, সন্ধ্যা কিংবা রাতে, যেকোনো সময় নিরাপদে চলাচল করতে পারবেন। তরুণ যুবকেরা, বয়স্করা ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি যাই করুক নিরাপদে, নিশ্চিন্তে করতে পারবেন। এমন একটি বাংলাদেশ গড়তে চান, যেখানে মানুষ রাতে নিজ নিজ ঘরে নিরাপদে ঘুমাতে পারবেন। আর সেই লক্ষ্যে নির্বাচনে জিতে সরকার গঠন করলে তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করতে সবচেয়ে বেশি জোর দেবেন।’
ঢাকার জলাবদ্ধতা সমস্যার সমাধানে উদ্যোগ নেবেন বলে জানান তারেক রহমান। তিনি বলেন, এ কাজে যে যত বড় শক্তিশালী হোক, ওই ব্যক্তি কোনো খাল বন্ধ করে মানুষের সমস্যা করলে, খাল বন্ধের কারণে জলাবদ্ধতা হলে ওই ব্যক্তিকে সরিয়ে দিয়ে খালটি পুনরুদ্ধার করা হবে।
ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, এই মুহূর্তে বিএনপিই একমাত্র দল, যাদের দেশ পরিচালনা ও রাষ্ট্রকে পুনর্গঠনের অভিজ্ঞতা রয়েছে। এ জন্যই বিএনপি বিভিন্ন পরিকল্পনা, কর্মসূচি বাস্তবায়নের জন্য হাতে নিয়েছে।
এসব পরিকল্পনা বাস্তবায়ন করতে, কর্মসূচি সফল করতে ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করার আহ্বানও জানান তিনি।













































































































































































































































































































































































































































































































































































































































































































































