বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিভ্রান্তি ও হঠকারিতার রাজনীতি ছেড়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ‘বিভ্রান্তির রাজনীতি স্বৈরাচার করে গেছে, মিথ্যের রাজনীতি স্বৈরাচার করে গেছে, ভাঙচুরের রাজনীতি স্বৈরাচার করে গেছে, আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে, জনগণের জন্য কাজ করবেন। আপনারা জনগণের সামনে প্রতিজ্ঞা করেছেন যে, আপনারা দেশ গঠনের জন্য কাজ করবেন। কাজেই সেইসব বিভ্রান্তির রাজনীতি বাদ দেন, সেইসব হঠকারিতার রাজনীতি বাদ দেন। আসেন জনগণের জন্য কী করতে পারবেন কী পরামর্শ আপনাদের থলের মধ্যে আছে সেটি জনগণের সামনে তুলে ধরেন। কী পরিকল্পনা আপনাদের মাথার মধ্যে আছে যা জনগণের উপকার করবে, যা দেশের মানুষের উপকার করবে, সেটি জনগণের সামনে উপস্থাপন করেন। রাস্তায় বসে ভাঙচুর করা রাস্তায় বিশৃঙ্খলা তৈরি করার দিন শেষ, সেই রাজনীতি শেষ, জনগণ এখন সেই রাজনীতি আর সমর্থন করে না।’শনিবার রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দুস্থ, অসহায় ও অসুস্থ মানুষের মাঝে চেক বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
