রাষ্ট্রীয় ব্যয় হ্রাস, জ্বালানি সাশ্রয় এবং পুলিশ বাহিনীর জনবল ও যানবাহনের সংকট বিবেচনায় ১৮ জন মন্ত্রীর জন্য বরাদ্দ বিশেষ পুলিশ এসকর্ট সুবিধা প্রত্যাহার করেছে সরকার। তবে দায়িত্বের গুরুত্বের কারণে ছয়জন জ্যেষ্ঠ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টার জন্য এই সুবিধা বহাল রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় ব্যয় কমানোর উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ নিরাপত্তা বহরের আকারও ছোট করার সিদ্ধান্ত নেন। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় গত সপ্তাহ থেকে পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রীর বিশেষ পুলিশ এসকর্ট প্রত্যাহার কার্যকর করা হয়েছে। বিষয়টি একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ঊর্ধ্বতন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
