তুরাগ নদী থেকে একাধিক লাশ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে রোববার বিকেলে মহানগর পুলিশ গণমাধ্যম কেন্দ্রে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিগুলো গুরুত্বের সঙ্গে যাচাই করা হয়েছে। অনুসন্ধানে মহানগর পুলিশের আওতাধীন তুরাগ, পল্লবী ও রূপনগর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনার সত্যতা পাওয়া যায়নি।
তিনি জানান, তুরাগ থানা এলাকায় কোনো লাশ উদ্ধার বা হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। একই সঙ্গে এ বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ, সাধারণ দিনলিপি কিংবা মামলাও দায়ের করা হয়নি। পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমাও খতিয়ে দেখা হয়েছে। প্রচারিত ঘটনার সঙ্গে ওই দুই থানার কোনো সম্পর্ক পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানাগুলোর কাছেও এ ধরনের কোনো ঘটনার তথ্য নেই।
