মূল অংশে যান

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২২ আগস্ট

আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষার জন্য আগামী ২২ আগস্ট দিন নির্ধারণ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। মঙ্গলবার বার কাউন্সিলের সচিব কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট কমিটির ৬ জুলাই তারিখের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২২ আগস্ট (শনিবার) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

লিখিত পরীক্ষার সব প্রার্থীকে অবশ্যই নির্ধারিত ওয়েব লিঙ্ক (bar.teletalk.com.bd) ব্যবহার করে নিজ নিজ ফরম পূরণ/প্রোফাইল সাবমিট করতে হবে। অন্যথায় তাদের জন্য লিখিত পরীক্ষার প্রবেশপত্র ইস্যু করা হবে না।

পরীক্ষা-বিধি মোতাবেক এনরোলমেন্ট লিখিত পরীক্ষার রি-অ্যাপিয়ার প্রার্থীদের অনলাইন ফরম পূরণ, ফি প্রদান এবং রেগুলার প্রার্থীদের প্রোফাইল সাবমিট সম্পর্কিত বিস্তারিত তথ্যাদি শিগগিরই প্রকাশ করা হবে।

উল্লেখ্য, গত ১২ জুন আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৩৭ হাজার ৮০ জন পরীক্ষার্থী ছিলেন। যার মধ্যে প্রথম ধাপে উত্তীর্ণ হয়েছেন ৯ হাজার ২০১ জন।

মতামত দিন