মূল অংশে যান
জাতীয়

সেপ্টেম্বরে সড়কে ৪২৩ প্রাণহানি

রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

সংগৃহীত ছবি

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৬৭৪ জন।নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু। মোট নিহতের প্রায় এক-তৃতীয়াংশই মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে। একই সময়ে ১০৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট প্রাণহানির ২৫ দশমিক ৫ শতাংশ। রবিবার (৪ অক্টোবর) সেপ্টেম্বর মাসের সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ১৫৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়েছে। মোট দুর্ঘটনার ৩৪ দশমিক ৮৪ শতাংশই ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এ ছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৩ জন, যা মোট প্রাণহানির ১২ দশমিক ৫২ শতাংশ।

দুর্ঘটনার স্থান বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি ১৭৮টি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে, যা মোট দুর্ঘটনার ৪০ দশমিক ২৭ শতাংশ।জাতীয় মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে ১৪৫টি, গ্রামীণ সড়কে ৫৬টি এবং শহরের সড়কে ৬৩টি। দুর্ঘটনার ধরন বিবেচনায় সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারানোর কারণে। এ ধরনের দুর্ঘটনা ছিল ১৬৮টি বা ৩৮ শতাংশ। পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা ছিল ১০৯টি বা ২৪ দশমিক ৬৬ শতাংশ। মুখোমুখি সংঘর্ষে ৯৮টি বা ২২ দশমিক ১৭ শতাংশ, যানবাহনের পেছনে আঘাতের কারণে ৬১টি বা ১৩ দশমিক ৮০ শতাংশ এবং অন্যান্য কারণে ছয়টি দুর্ঘটনা ঘটেছে।

জাতীয় থেকে আরও পড়ুন

মতামত দিন