সরবরাহ স্বাভাবিক থাকলে দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার সুযোগ নেই বলে জানিয়েছেন পাইকারি ও খুচরা ব্যবসায়ী এবং নিত্যপণ্য আমদানিকারক করপোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। তবে দ্রুত জ্বালানিসংকট নিরসন, সরবরাহব্যবস্থার প্রতিবন্ধকতা দূর করা এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করা না গেলে বাজার স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন তারা।
গতকাল ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) মতিঝিল কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় ব্যবসায়ীরা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক।
