বেক্সিমকো গ্রুপের দুই প্রতিষ্ঠান শাইনপুকুর সিরামিকস ও বেক্সিমকো এলপিজি ইউনিট–১-কে বিশেষ সুবিধা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঋণখেলাপি হওয়ায় প্রতিষ্ঠান দুটির ঋণসুবিধা নবায়ন, ঋণপত্র (এলসি) খোলা ও চলতি মূলধন পাওয়ার ক্ষেত্রে আইনি বাধা তৈরি হয়েছিল। এ বাধা দূর করতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারার নিষেধাজ্ঞা শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সোমবার বাংলাদেশ ব্যাংক থেকে এ-সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠান দুটির ক্ষেত্রে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ২৭কক (৩) ধারার নিষেধাজ্ঞা কার্যকর হবে না।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সোনালী ব্যাংকের গ্রাহক শাইনপুকুর সিরামিকস ঋণখেলাপি হলেও রাষ্ট্রীয় স্বার্থে প্রতিষ্ঠানটির অনুকূলে অনুমোদিত চলতি মূলধন ঋণসীমা নবায়নের ক্ষেত্রে আইনি নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এ সুবিধার আওতায় বিদ্যমান ১০৫ কোটি টাকার চলতি মূলধন ঋণসীমা নবায়নের কথা বলা হয়েছে।
তবে এ সুবিধার বিপরীতে সরকারের অর্থ বিভাগের কোনো দায় সৃষ্টি হবে না।
