অতিবৃষ্টির কারণে কাঁচা মরিচের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে। গত দুই দিনে বেনাপোল বন্দর দিয়ে কাঁচা মরিচ এসেছে প্রায় ৪০ টন। কাঁচা মরিচের প্রথম চালানটি সোমবার (৩ আগস্ট) রাত ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
চালানটিতে ভারতীয় ট্রাকে ৯ হাজার ২০০ কেজি কাঁচা মরিচ ছিল বলে কাস্টমস কর্তৃপক্ষ জানায়। বন্দরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর রাতেই আমদানিকৃত কাঁচা মরিচের চালানটি ঢাকায় পাঠানো হয়। এ চালানের আমদানিকারক শিমু এন্টারপ্রাইজ এবং বন্দর থেকে খালাস কার্যক্রমে সহযোগিতা করে সিঅ্যান্ডএফ এজেন্ট শিমু শিপিং লাইন্স।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন জানান, মরিচবাহী ট্রাক বন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই দ্রুত কাগজপত্রের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে খালাসের ব্যবস্থা করা হয়। সীমান্তের ওপারে আরও কয়েক ট্রাক কাঁচা মরিচ নিয়ে প্রবেশের অপেক্ষায় রয়েছে। মঙ্গলবার দুপুরের পর ভারতীয় দুই ট্রাকে ২৯ টন কাঁচা মরিচ বাংলাদেশে প্রবেশ করে।
