ফল আমদানির ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে আর ১০০ শতাংশ নগদ মার্জিন বাধ্যতামূলক থাকছে না। দেশের জনস্বাস্থ্য, পুষ্টি চাহিদা এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এ ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংক ও গ্রাহকের সম্পর্কের ভিত্তিতে নির্ধারণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
রবিবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়, ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বৈশ্বিক অর্থনৈতিক অস্থিতিশীলতার প্রেক্ষাপটে কিছু বিলাস পণ্য ও দেশীয় বিকল্প পণ্যের আমদানিতে ১০০ শতাংশ নগদ মার্জিন সংরক্ষণ বাধ্যতামূলক করা হয়েছিল, যার মধ্যে ফলও অন্তর্ভুক্ত ছিল।
বাংলাদেশ ব্যাংক বলেছে, বর্তমানে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও লেনদেনে কাঙ্ক্ষিত স্থিতিশীলতার উন্নতি হওয়ায় ফল আমদানিতে শতভাগ নগদ মার্জিনের প্রয়োজনীয়তা কমেছে।
