শ্রীলঙ্কায় অর্জিত সাফল্যের ধারাবাহিকতা নেদারল্যান্ডসের বিপক্ষেও বজায় রাখতে চান
নেদারল্যান্ডসের বিপক্ষে শ্রীলঙ্কা সিরিজের ছন্দ ধরে রাখতে চায় বাংলাদেশ।
- আপডেট সময় : ০৬:৪৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, শ্রীলঙ্কায় অর্জিত সাফল্যের ধারাবাহিকতা নেদারল্যান্ডসের বিপক্ষেও বজায় রাখতে চান তিনি। শ্রীলঙ্কায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ হারের পর বাকি দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
শুক্রবার সাংবাদিকদের সিমন্স বলেন, “শ্রীলঙ্কায় আমরা যে মানদণ্ড স্থাপন করেছি, সেটি ধরে রাখাই এখন লক্ষ্য। মিরপুরের উইকেট শ্রীলঙ্কার মতো ভালো ছিল না, তবে আমাদের খেলার মান যেন সেই উচ্চতায় থাকে, সেটাই চাই।”
তিনি স্পষ্ট করে দেন, নেদারল্যান্ডসকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। “আমরা যদি অস্ট্রেলিয়ার কাছে হেরে যাই, সমালোচনা হয়। তাই র্যাঙ্কিংয়ে নিচে থাকা দলের কাছে হারলেও সমালোচনা হবে, যদি আমরা সেদিন ভালো না খেলি। ভালো খেলে যদি তারা জেতে, তবে কৃতিত্ব তাদের প্রাপ্য।”
সিমন্স আরও বলেন, “এখনকার বিশ্ব ক্রিকেটে কাউকে ছোট করে দেখার সুযোগ নেই। সবাই ভালো ক্রিকেট খেলছে। তাই আমাদের নিজেদের মান ধরে রাখতে হবে এবং উন্নতি করতে হবে।”
এছাড়া তিনি জানিয়েছেন, এই সিরিজকে এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে দেখছেন না। “এশিয়া কাপ পরে আসবে। এখন আমাদের মনোযোগ এই সিরিজে। আন্তর্জাতিক ক্রিকেটে সব সময়ই একটি নির্দিষ্ট মান বজায় রাখতে হয়।”
অন্যদিকে, নেদারল্যান্ডসের প্রধান কোচ রায়ান কুক, যিনি আগে বাংলাদেশ দলের সঙ্গে কাজ করেছেন, স্বাগতিকদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, “বাংলাদেশ ঘরের মাঠে শক্ত প্রতিপক্ষ, তবে তারা কিছু সিরিজে দুর্বলতাও দেখিয়েছে। আমরা আত্মবিশ্বাসী যে ভালো ক্রিকেট খেলতে পারব এবং জয়ের সুযোগ তৈরি করতে পারব।”
তিনি আরও যোগ করেন, “আমরা এখানে এসেছি জয়ের লক্ষ্য নিয়েই। যদি ভবিষ্যতে আবার একই গ্রুপে পড়ি, আমরা আবারও তাদের হারানোর চেষ্টা করব।


































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































