কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা মামলায় দুই অভিযুক্ত অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. জাহিদুজ্জামান ও মো. শাহীন আলমের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারপোল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ইন্টারপোল পৃথকভাবে তাদের বিরুদ্ধে এ নোটিশ জারি করে।তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে এই দুজনকে মামলার গুরুত্বপূর্ণ অভিযুক্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে।
তদন্তকারী সংস্থার তথ্যমতে, তদন্তের এক পর্যায়ে তাদের ডিএনএ নমুনা সংগ্রহের প্রয়োজন দেখা দিলে সেজন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। তবে ইতিমধ্যে তারা গা-ঢাকা দেন এবং বর্তমানে তাদের অবস্থান অজ্ঞাত।
পলাতক দুই অভিযুক্তের অবস্থান শনাক্ত ও তাদের গ্রেপ্তারে বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) ঢাকার মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির আবেদন করা হয়।
