আজ থেকে ৩৭০ দিন আগে পুলিশ বাহিনী বিধ্বস্ত হয়ে মাঠ ছেড়ে চলে গিয়েছিল। ছাত্র-জনতার আন্দোলন দমন করতে গিয়ে নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে নারী-শিশুসহ নিহত হয় দেড় হাজারের বেশি ছাত্র-জনতা। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর তীব্র গণরোষে বিপর্যস্ত হয়ে পড়ে পুরো পুলিশ বাহিনী, ভেঙে পড়ে শৃঙ্খলা। বাহিনীতে ছড়িয়ে পড়ে আতঙ্ক-অস্থিরতা। এরপর কেটে গেছে একটি বছর। দীর্ঘ এ সময়ও আইনশৃঙ্খলা প্রত্যাশা অনুযায়ী উন্নতি করতে পারেনি বলে জানিয়েছেন সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা।
তারা বলছেন, গণঅভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে যেভাবে পুলিশের ঘুরে দাঁড়ানো প্রয়োজনীয়তা ছিল, তা হয়নি। ফলে জনমনে স্বস্তি ফিরছে না, পুলিশ নিজেও স্বস্তি পাচ্ছে না। অনেক ক্ষেত্রে অপরাধ সংঘটিত স্থলে পুলিশের সহযোগিতা চেয়েও পাওয়া যায় না। কারণ মানসিকভাবে ভেঙে পড়া পুলিশ সদস্যদের মধ্যে জনতার প্রতিশোধমূলক ‘মব ভায়োলেন্স’-এর ভয় এখনো কাজ করছে। যে কারণে পুলিশ এখনো বেশির ভাগ ক্ষেত্রে শক্ত হাতে আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করতে পারছে না। তবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে পুলিশ বাহিনী।
