মাদকদ্রব্য সংক্রান্ত মামলার দ্রুত ও কার্যকর বিচার নিশ্চিত করতে দেশে ১০ জেলায় ২২টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। একই সঙ্গে এসব ট্রাইব্যুনালের স্থানীয় অধিক্ষেত্রও নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নতুন অধিক্ষেত্র অনুযায়ী বিচারাধীন মামলাগুলো ৬০ দিনের মধ্যে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ধারা ৪৪ অনুযায়ী ট্রাইব্যুনালগুলো গঠন ও তাদের বিচারিক এলাকা নির্ধারণ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
