মূল অংশে যান

কৃষকের পাশে সরকার

কৃষি ও কৃষকের জন্য প্রায় ছয় মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার গঠনের পর কৃষকের ঋণের বোঝা কমানো থেকে শুরু করে নগদ সহায়তা, সার-বীজে প্রণোদনা, কৃষক কার্ড, সরকারি ব্যবস্থাপনায় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান-চাল সংগ্রহ, কৃষি বিমার উদ্যোগসহ এ খাতে নেওয়া হয়েছে বেশ কিছু নতুন পদক্ষেপ।

সেচব্যবস্থা সম্প্রসারণে খাল খনন কর্মসূচি নেওয়া হয়েছে। সরকারের নীতিনির্ধারকদের দাবি, এসব উদ্যোগের মূল লক্ষ্য মধ্যস্বত্বভোগী ও অনিয়ম কমিয়ে প্রকৃত কৃষকের কাছে সরকারি সুবিধা পৌঁছে দেওয়া এবং উৎপাদন ব্যয় কমানো। এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী আমিন-উর রশীদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘গত নির্বাচনে বিএনপির প্রতিশ্রুতির বেশির ভাগই ছিল কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই কৃষকের কল্যাণে নানামুখী পদক্ষেপ নিচ্ছে। নগদ সহায়তা, সার বীজ প্রদান, কৃষক কার্ড চালু, কৃষি ঋণ মওকুফ ও কৃষি বিমা চালু করা হয়েছে। তিনি বলেন, সরকার বিশ্বাস করে ৭০ ভাগ লোক যে পেশায় আছে তার উন্নতি করা দরকার। ৭০ ভাগ লোক ভালো থাকলে সরকার স্বস্তিতে থাকবে। এ সরকার কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে।’

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি মন্ত্রিসভায় কৃষকদের জন্য সরকারের অন্যতম বড় সিদ্ধান্ত ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে। এ ছাড়া শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে নেওয়া ঋণ এ সুবিধার আওতায় রয়েছে। এতে প্রায় ১২ লাখ কৃষক উপকৃত হওয়ার কথা। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির জন্য প্রায় ১ হাজার ৫৬৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

মতামত দিন