প্রবাসীদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেওয়ার সেবা পর্যায়ক্রমে ৪১টি দেশে সম্প্রসারণ করা হচ্ছে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনের সঙ্গে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি–সংক্রান্ত সেবা আরো দ্রুত, সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার।
এ পর্যন্ত ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। দূতাবাসে এনআইডির আবেদন নেওয়া হলেও তা নির্বাচন কমিশন থেকে দেওয়া হয়।
বৃহস্পতিবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
