আইনজীবী হিসেবে প্রবেশের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বছর নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিল। বার কাউন্সিলের এ সিদ্ধান্ত ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস কাজল। গত ১৯ আগস্ট বার কাউন্সিল এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।
সিদ্ধান্তে বলা হয়, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লিভ টু আপিল-২৫৩/২০১৪-এর প্রেক্ষাপটে লিগ্যাল এডুকেশন কমিটি আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি যৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণের প্রয়োজনীয়তা সম্পর্কে সুপারিশ করে।লিগ্যাল এডুকেশন কমিটির মতামতে বলা হয়, আইন পেশার মর্যাদা ও দক্ষতা বৃদ্ধি, দীর্ঘমেয়াদি পেশাগত সম্পৃক্ততা নিশ্চিতকরণ এবং পেশাকে অধিকতর গতিশীল রাখার লক্ষ্যে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ করা সমীচীন।
গত ৬ আগস্ট অনুষ্ঠিত লিগ্যাল এডুকেশন কমিটির সভায় আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে একটি যৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের প্রস্তাব করা হয় এবং ওই সুপারিশ কাউন্সিল সভায় উপস্থাপন করা হয়।
বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্য আইনজীবী হিসেবে তালিকাভুক্তির ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের বিষয়ে একমত পোষণ করেন।
