দেশের সার সরবরাহ, বিতরণ ও বাজার ব্যবস্থাপনা আরও কার্যকর করতে একটি ‘জাতীয় সমন্বয় ও পরামর্শক কমিটি’ গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কৃষি খাতে সার ব্যবস্থাপনার চাহিদা, উৎপাদন, আমদানি, মূল্য পরিস্থিতি ও বিতরণ ব্যবস্থার সার্বিক তদারকি এবং নীতিগত সুপারিশ প্রণয়নই হবে এ কমিটির মূল দায়িত্ব।
কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সদস্য হিসেবে রয়েছেন শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, কয়েকজন সংসদ সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
এছাড়া কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন অর্থ বিভাগ, শিল্প মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবরা।
সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন।
