প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন ব্যবস্থায় প্রবাসীদের বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করা হবে। এতে নিবন্ধন প্রক্রিয়ার একটি ধাপ কমে যাবে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার (২২ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, ‘প্রবাসীদের ভোটার নিবন্ধনের প্রক্রিয়া ছিল টু স্টেপ। প্রবাসীরা ফর্ম জমা দেওয়া ও বায়োমেট্রিক দেওয়ার পর তা তদন্তের জন্য আমাদের কাছে আসতো। তদন্ত সম্পন্ন হওয়ার পর সেটি আপলোড হতো। এখন আমরা বলছি, আপনারা বায়োমেট্রিক তথ্য সরাসরি আপলোড করে দেবেন। আমরা এখান থেকে তদন্ত করে যথার্থতা পেলে অনুমোদন দিয়ে দেব। এতে একটি ধাপ কমে যাবে।’
তিনি জানান, ভোটার এলাকা পরিবর্তনের (মাইগ্রেশন) আবেদন এখন থেকে সম্পূর্ণ অনলাইনে গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সেবার জন্য নির্ধারিত সংশোধন ফি নেওয়া হবে।
