দুর্গাপূজার ছুটিতে যাত্রীর চাপ সামলাতে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-কক্সবাজার রুটে তিন জোড়া বিশেষ ট্রেন চালুর নির্দেশ দিয়েছেন রেলপথ, সড়ক পরিবহন ও সেতু এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। আজ থেকে বিশেষ ট্রেন চলাচল শুরু হওয়ার কথা।
এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায় ও টিকিটের কালোবাজারি বন্ধে ব্যবস্থা নেওয়া, অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং সেতুর টোল প্লাজাগুলোতে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পর্যাপ্ত সদস্য মোতায়েনের নির্দেশনাও দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।তিনি বলেন, উৎসবের আনন্দ যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা, অতিরিক্ত ভাড়া আদায় কিংবা যাত্রী হয়রানির কারণে ব্যাহত না হয়, সে জন্য সড়ক, রেল ও নৌপথের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এদিকে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বিশেষ বাসসেবা চালু করেছে সরকারের পরিবহন সংস্থা বিআরটিসি। আজ থেকে শনিবার পর্যন্ত এই বিশেষ বাসসেবা পরিচালিত হবে।
